শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ জয়, ফের শীর্ষে আর্সেনাল
এভারটনের বিপক্ষে হিল ডিকিনসন স্টেডিয়ামে কষ্টার্জিত জয় তুলে নিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। খুব একটা চোখধাঁধানো ফুটবল না খেললেও শিরোপা দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
এভারটনের বিপক্ষে হিল ডিকিনসন স্টেডিয়ামে কষ্টার্জিত জয় তুলে নিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। খুব একটা চোখধাঁধানো ফুটবল না খেললেও শিরোপা দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
একই রাতে ওয়েস্টহামকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। হারানো অবস্থান পুনরুদ্ধারে তাই এভারটনের মাঠে কোনো ভুলের সুযোগ ছিল না গানার্সদের।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্সেনাল। তবে আক্রমণে কাঙ্ক্ষিত ধার পাওয়া যাচ্ছিল না। তবুও ২৭তম মিনিটেই আসে ব্রেকথ্রু। ডেকলান রাইসের নেওয়া কর্নারে এভারটনের ডিফেন্ডার জেক ও’ব্রায়েনের হাতে বল লাগলে ভিএআর ব্যবহার না করেই রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
স্পট-কিক থেকে জোরালো শটে জাল কাঁপান ভিক্টর গিয়োকেরেস। তবে গোলের পরও ম্যাচে পুরোপুরি ছন্দ ফেরাতে পারেনি আর্সেনাল।
বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল একাধিকবার। লিয়ান্দ্রো ত্রোসার্দ ও মার্টিন সুবিমেন্দির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ অনেক আগেই নিজেদের করে নিতে পারত গানার্সরা।
শেষদিকে এভারটন কিছুটা চাপ বাড়ালেও আর্সেনালের রক্ষণ ছিল দৃঢ় ও সজাগ। গোলমুখে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা।
এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। তারা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। একই সঙ্গে এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান দাঁড়াল ছয় পয়েন্টে।
এমবি এইচআর

