চার পেনাল্টি ঠেকিয়ে ইতিহাস গড়লেন সাফানভ, বিশ্ব চ্যাম্পিয়ন পিএসজি
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতটি হয়ে উঠল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গোলরক্ষক মাতভেই সাফানভের একক নায়কোচিত অধ্যায়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতটি হয়ে উঠল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গোলরক্ষক মাতভেই সাফানভের একক নায়কোচিত অধ্যায়। টাইব্রেকারে চারটি পেনাল্টি শট রুখে দিয়ে ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ফরাসি জায়ান্ট পিএসজি।
নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতে নেয় লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পিএসজি। ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান খাভিচা কাভারাস্খেলিয়া।
বিরতির পর দৃশ্যপট পাল্টায়। ৫৯তম মিনিটে পিএসজি ডি-বক্সে দে আরাসকায়েতাকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে সমতা ফেরান ফ্ল্যামেঙ্গোর ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।
এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে আর গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
শুটআউটে প্রথম শটে দুই দলই গোল করলেও এরপর শুরু হয় সাফানভের শো। ফ্ল্যামেঙ্গোর সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। যদিও পিএসজির হয়ে উসমান দেম্বেলে নিজের শট লক্ষ্যভ্রষ্ট করায় তখনও ম্যাচ খোলা ছিল। কিন্তু এরপর একে একে পেদ্রো, লিও পেরেইরা ও লুইস আরাউহোর শট রুখে দিয়ে পিএসজির জয় প্রায় নিশ্চিত করে দেন রুশ এই গোলরক্ষক।
শেষ পর্যন্ত নুনো মেন্দেসের সফল শটে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।
চলতি বছরের শুরুতে ফরাসি সুপার কাপ জয়ের পর মাঝপথে ফরাসি কাপ, লিগ আঁ এবং ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল পূর্ণ করে পিএসজি। বছরের শেষ প্রান্তে এসে উয়েফা সুপার কাপের পর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্বে নতুন পালক যোগ করল তারা। অর্জন করল বছরের বিশ্বসেরা ক্লাবের মর্যাদা।
এমবি এইচআর

