কাতারের আল উদেইদ ঘাঁটি ছাড়তে মার্কিন কর্মকর্তাদের নির্দেশনা

কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক কর্মকর্তাকে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Jan 14, 2026 - 17:48
 0  5
কাতারের আল উদেইদ ঘাঁটি ছাড়তে মার্কিন কর্মকর্তাদের নির্দেশনা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক কর্মকর্তাকে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বুধবার সন্ধ্যার মধ্যে আল উদেইদ ঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে—এমন সতর্কতার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

রয়টার্স জানায়, দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে মন্তব্য চাওয়ার অনুরোধে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি।

আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক কূটনীতিক বলেন, এটি কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া (ইভাকুয়েশন) নয়; বরং সামরিক অবস্থান বা ‘পোশচার’ পরিবর্তনের অংশ। তবে কেন এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।

এর আগে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে তেহরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে—এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরই এই বার্তা আসে।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালানোর এক সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনাসদস্য ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এমবি এইচআর