নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সহিংসতার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইরানে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সহিংসতার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এমবাসি তেহরান একটি নিরাপত্তা সতর্কতা জারি করে জানায়, দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার, হতাহত ও অনিশ্চিত পরিবেশের কারণে পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। এ অবস্থায় আমেরিকান নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ইরানের বিভিন্ন এলাকায় চলমান প্রতিবাদ ও সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। অনেক স্থানে সড়ক অবরোধ, গণপরিবহন ব্যাঘাত এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা ঘটছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ রুট ও যোগাযোগ ব্যবস্থা আগেভাগে পরিকল্পনা করে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক পরিবহন, বিশেষ করে বিমান চলাচল যেকোনো সময় আরও ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
যেসব নাগরিক তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং পর্যাপ্ত খাদ্য, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এমবি এইচআর

