বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে খুন, ২৬ টুকরা লাশে মিলল পরিচয়

রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) তিন দিন আগে মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান।

Nov 14, 2025 - 11:33
 0  7
বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে খুন, ২৬ টুকরা লাশে মিলল পরিচয়
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) তিন দিন আগে মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ আর হয় না। ফোনে বারবার চেষ্টা করলে জরেজ মিয়া জানাতেন—আশরাফুল নাকি ব্যস্ত, কালেকশনে গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ থানায় গিয়ে পরিবার জানতে পারে, ঢাকায় নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া ২৬ টুকরা লাশটি আঙুলের ছাপ মিলিয়ে আশরাফুলের বলে শনাক্ত করেছে পুলিশ। এই খবরেই ভেঙে পড়ে পরিবার।

নিহতের শ্যালক আবদুল মজিদ জানান, মঙ্গলবার বাবাকে হাসপাতালে রেখে বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। বুধবার বিকেলে স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকে ফোন ধরতেন জরেজই। বৃহস্পতিবার দুপুরে আবার ফোন দিলে জরেজ দাবি করেন—আশরাফুলের ফোন নাকি ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া গেছে। এতে সন্দেহ আরও বেড়ে গেলে আশরাফুলের স্ত্রী থানায় যান এবং সেখানেই ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পান।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সেই তথ্য ঢাকার রমনা ও শাহবাগ থানায় পাঠানো হয়েছে। হত্যার উদ্দেশ্য ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। ইতোমধ্যে ঢাকায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমবি এইচআর