রংপুরে মোবাইলে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আখেরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকার ডুব্বির পাড়ে এ ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আখেরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকার ডুব্বির পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আখেরুল ইসলাম ওই এলাকার শামসুদ্দিনের ছেলে। পেশায় দিনমজুর হলেও তিনি সম্প্রতি কেরানীগঞ্জের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে কাজ করছিলেন। প্রায় এক মাস আগে চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, রাতে মালিপের বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন আখেরুল। পথেই অজ্ঞাত ব্যক্তিরা তার কপালের ডান পাশে আঘাত করে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখে পুলিশকে খবর দেন।
নিহতের ছোট ভাই আখতারুল ইসলাম দাবি করেন, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় আখেরুলের মোবাইলে বেশ কয়েকটি ফোন আসে এবং কারো সঙ্গে তর্কাতর্কিও হয়। তাঁর অভিযোগ, ওই ফোন কলই বড় ভাইকে বাড়ি থেকে বের করে এনে হত্যার ফাঁদে ফেলেছে।
স্বামী হত্যার সত্যতা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন আখেরুলের স্ত্রী খাদিজা বেগম। তিনি বলেন, “মানুষটা বাজারে গেল। কয়েছিল বাজার থেকে এসে দেখা করবে। আর ফিরল না। আমার সন্তানদের কে দেখবে? কেন এমন করে মেরে ফেলল তাকে!”
পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায় বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
এমবি এইচআর

