বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এমন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

Jan 22, 2026 - 18:29
 0  2
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এমন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা।

বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই অবস্থানে সরকার অনড়। তিনি বলেন, যে নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে কোনো পরিবর্তন আসেনি। তবে আইসিসি বিষয়টি আবারও সুবিবেচনা করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে। সেখানে আমাদের একজন সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের চাপের মুখে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড কার্যত সরকারেরই একটি বর্ধিত অংশ, তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারলে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে—এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।”

এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ এখনো চায় বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক এবং সে লক্ষ্যেই তারা লড়াই চালিয়ে যাবেন। গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার পরই আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি যৌথভাবে জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অটল রয়েছে।

এমবি এইচআর