নাজমুলের পদত্যাগ না হওয়ায় অনড় ক্রিকেটাররা, খেলাও বন্ধের হুঁশিয়ারি

পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। ক্রিকেটারদের নিয়ে দেওয়া তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা।

Jan 15, 2026 - 12:05
 0  2
নাজমুলের পদত্যাগ না হওয়ায় অনড় ক্রিকেটাররা, খেলাও বন্ধের হুঁশিয়ারি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। ক্রিকেটারদের নিয়ে দেওয়া তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। বিপিএলের ম্যাচ শুরুর আগে আজ বেলা ১টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও পদত্যাগ না হওয়ায় খেলায় নামবেন না বলে অনড় অবস্থানে আছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে অটল ক্রিকেটাররা। এরই মধ্যে বিপিএলের দুপুরের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছায়নি।

বিসিবির কয়েকজন পরিচালক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করলেও তাঁদের অবস্থান বদলায়নি। সূত্র জানায়, বোর্ডের পক্ষ থেকে নাজমুল ইসলামকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ক্রিকেটাররা শুধু দায়িত্ব পরিবর্তন নয়, পরিচালক পদ থেকে তাঁর সরাসরি পদত্যাগ দাবি করছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবুও ক্রিকেটারদের দাবিতে কোনো শিথিলতা আসেনি।

দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে কয়েকজন ক্রিকেটারের বনানীতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরই মধ্যে ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ গতকাল গভীর রাতে স্থগিত করা হয়।

উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল বিসিবির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’

আরেক প্রশ্নে তিনি বলেন,
‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি?… আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার সেটা ফেরত দাও।’

এই মন্তব্যের পরই ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে গড়ায়।

এমবি এইচআর