ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়; বরং অন্যরাই একা হয়ে গেছে। আমরা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়; বরং অন্যরাই একা হয়ে গেছে। আমরা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসি। অথচ ওরা দেশপ্রেমের কথা বলার আড়ালে গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পর এক শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। আমরা সরল বিশ্বাসে রাজনৈতিক পথে চলছিলাম, কিন্তু তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারা কখনো শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলামপ্রিয় মানুষ তাদের ছেড়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। তাই তারাই এখন একা হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে যেসব ইসলামী দল ছিল, তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে তারা প্রার্থী দেয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যদের আটকে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সমাবেশে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এমবি এইচআর

