সময়মতো নির্বাচন না হলে দেশ বড় বিপর্যয়ে পড়বে: নুর
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের স্বার্থে ঝুঁকি নিয়েই তারা নির্বাচনের মাঠে রয়েছেন এবং এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের স্বার্থে ঝুঁকি নিয়েই তারা নির্বাচনের মাঠে রয়েছেন এবং এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলেও তিনি সতর্ক করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-৩ আসনের গলাচিপা উপজেলায় এক সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে তারা দায়িত্বশীল আচরণ করছেন এবং সব পক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান জানান।
নুরুল হক নুর অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও তাদের সমর্থকদের হত্যার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে তারা নিজেরাও নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় এক স্বতন্ত্র প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে নুর বলেন, ওই স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করেই তার আসনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, ওই প্রার্থী প্রকাশ্যে বলেছেন—নুর এমপি হলে ২০ বছরেও যেতে দেবেন না। এর আগেও বকুলবাড়িয়া এলাকায় রাত ৩টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছালেও সময় লেগেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিদেশি শক্তির সম্পৃক্ততার অভিযোগ তুলে নুর বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে স্বতন্ত্র প্রার্থী বিদেশি অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে বলে তাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তিনি ওই প্রার্থীর অর্থের উৎস খতিয়ে দেখতে তার বাড়িতে অভিযান চালানোর আহ্বান জানান এবং দাবি করেন, প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করে নেতাকর্মীদের প্রভাবিত করার চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, তার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, রাস্তাঘাট ও বাজারে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পানপট্টি, আলিপুরা, চরকাপলবেড়া ও চরবোরহান এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন তিনি। এসব ঘটনার সঙ্গে ভূমিদস্যুদের সংশ্লিষ্টতার অভিযোগ করে বলেন, তারা ওই স্বতন্ত্র প্রার্থীর আশ্রয়ে রয়েছে।
নুরুল হক নুর বলেন, স্বতন্ত্র প্রার্থীর উল্লেখযোগ্য রাজনৈতিক পরিচয় বা জনসম্পৃক্ততার রেকর্ড নেই। বরং তার বিরুদ্ধে পিএসসি ও বিভিন্ন চাকরির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ ঘটনায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে দাবি করেন নুর। এমন একজন ব্যক্তির প্রার্থী হওয়া সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, প্রশাসন যদি এ বিষয়ে নীরব থাকে, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। যারা প্রশাসনকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, তারা যে কোনো অপকর্মে জড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইকতিয়ার রহমান কবির, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু হুরায়রা, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির মুন্সীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমবি এইচআর

