হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। তবে অনুষ্ঠানের শুরুতেই কলেজের গেটে তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওইদিন একই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তার আগেই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুত করা মঞ্চ শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে ভেঙে পড়ে।
একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এতে অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ঘটনার পরপরই কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এমবি এইচআর

