মার্কিন ভাইস প্রেসিডেন্টের ওহাইওর বাড়িতে হামলার ঘটনা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে অবস্থিত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজনকে আটক করে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কর্তৃপক্ষ জানায়, ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় অবস্থিত বাসভবনের জানালায় ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওই বাসভবনে উপস্থিত ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে জানালাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, অজ্ঞাতপরিচয় এক প্রাপ্তবয়স্ক পুরুষকে ভাঙচুরের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। হামলার ঘটনা রাত দেড়টার কিছু পর সংঘটিত হয়।
সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে মামলার অভিযোগ চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হামলাটি সরাসরি ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারকে লক্ষ্য করে করা হয়েছিল কি না।
হোয়াইট হাউস সূত্র জানায়, ঘটনার আগেই ভাইস প্রেসিডেন্টের পরিবার শহর ত্যাগ করেছিল। ঘটনার পেছনের উদ্দেশ্য ও সন্দেহভাজনের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এমবি এইচআর