ফুয়াদকে ঘিরে উত্তেজনা উদ্বেগজনক: তাসনিম জারা
বরিশালে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফুয়াদকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা ‘জুতা মারো’ ও ‘চামড়া তুলে নেব’ ধরনের উত্তেজনাকর স্লোগান দিচ্ছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বরিশালে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফুয়াদকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা ‘জুতা মারো’ ও ‘চামড়া তুলে নেব’ ধরনের উত্তেজনাকর স্লোগান দিচ্ছে। অসহায় অবস্থায় কয়েকজন তাকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনাটি আজ দুপুরে ঘটে, যখন ব্যারিস্টার ফুয়াদ নিজের নির্বাচনী এলাকায় যান। তার উপস্থিতি ঘিরে স্থানীয়দের ক্ষোভ তীব্র আকার ধারণ করে।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এ ধরনের আচরণ কোনোভাবেই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না।
তাসনিম জারা বলেন, “আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে মতভেদ থাকতে পারে, তার দলের নীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এজন্য কাউকে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দিয়ে আক্রমণ করা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত স্বাভাবিক, বিরোধিতা থাকবে, ভোটের সিদ্ধান্তও জনগণের নিজের; তবে শারীরিক হেনস্তা বা অশালীন ভাষায় আক্রমণ গণতন্ত্রের পথ নয়। “রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়,” মন্তব্য করেন তাসনিম জারা।
এমবি এইচআর

