২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Jan 6, 2026 - 11:32
 0  2
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তা চেয়ে আবেদন জানিয়ে মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) এক ভিডিও বার্তায় অনুদানের আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ। পরে সোমবার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

লাইভে দেওয়া হিসাব অনুযায়ী, দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।

তিনি আরও জানান, অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

এ সময় ব্যারিস্টার ফুয়াদ সবাইকে সতর্ক করে বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান দিতে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার নিজস্ব ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান।

এমবি এইচআর