মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল, অধিকার আদায়ে অনড় তাসনিম জারা
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অধিকার আদায়ে তিনি অবিচল থাকবেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অধিকার আদায়ে তিনি অবিচল থাকবেন। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী।
তাসনিম জারা জানান, মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে যোগাযোগ করছেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এ পরিস্থিতিতেও তারা পূর্ণ উদ্যমে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকা স্বাভাবিক। তবে সেই আইন ও বিধির প্রয়োগ হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
তাসনিম জারা আরও বলেন, যখন কোনো প্রার্থীর পক্ষে জনসমর্থন স্পষ্টভাবে প্রকাশ পায়, তখন ছোটখাটো কারিগরি কারণ দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করছেন এবং ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবেন।
এর আগে শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
এমবি এইচআর

