“আগস্টেই দেশে ফিরলে সবকিছু নিয়ন্ত্রণে থাকত তারেক রহমানের—রনি”
সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর দেশে ফিরলে দেশের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর অনেকটাই এড়ানো যেত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর দেশে ফিরলে দেশের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর অনেকটাই এড়ানো যেত। তিনতন্ত্র নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এমন মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, গত ১৪ মাসে দেশে যা ঘটেছে, তারেক রহমান যদি ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্টের মধ্যে দেশে আসতেন, তাহলে দেশের পুরো পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণে থাকত। তিনি যাকে ইচ্ছা প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং প্রয়োজন হলে ২০২৪ সালের নির্বাচনেও অংশ নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল।
তিনি আরও বলেন, ৫ থেকে ১৫ আগস্টের মধ্যবর্তী সময়ে বা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত সময়টিতে তারেক রহমান চাইলে নিরাপদে দেশে আসতে পারতেন। সেই সময় ফিরলে দেশের রাজনৈতিক পরিস্থিতির বহু জটিলতা তৈরি হতো না।
রনি অভিযোগ করেন, বিএনপির বিভিন্ন নেতা গত ১৪ মাস ধরে বারবার বলছিলেন—তারেক রহমান আসছেন, তাঁর জন্য বাড়ি প্রস্তুত হচ্ছে, নম্বর ঠিক করা হচ্ছে। এসব বক্তব্য তাকে রাজনৈতিক ঝুঁকিতে ফেলে দিয়েছে। এখন সেই ঝুঁকি পুরো বিএনপিকেই ঘিরে ধরেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তাকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে হচ্ছে। অথচ তারেক রহমান যদি ৮ আগস্টের মধ্যে দেশে ফিরতেন, অনেক কিছুই তাঁর নিয়ন্ত্রণে থাকত, এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এমবি এইচআর

