আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধে কোনো ধরনের উদ্যোগ নেবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

Jan 31, 2026 - 10:26
 0  3
আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধে কোনো ধরনের উদ্যোগ নেবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, দলটি চায় দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং নতুন সরকার এলেই তাদের রাজনৈতিক অবস্থান আগের চেয়ে উন্নত হতে পারে— এমন ধারণা আওয়ামী লীগের মধ্যে রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে না। বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদায় চায় দলটি এবং সে কারণে নির্বাচনে কোনো ঝামেলা সৃষ্টি করার সম্ভাবনাও কম।

এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন মাসুদ কামাল। তিনি বলেন, অস্ত্র উদ্ধার না হলেও সেগুলো ব্যবহার করা হবে না— এ ধরনের নিশ্চয়তা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার মতে, সরকারের বক্তব্যে দায়িত্বশীলতার অভাব স্পষ্ট।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্বাচনে অংশ নেওয়া প্রধান দলগুলো— বিএনপি ও জামায়াত— মনে করছে ভোট তাদের পক্ষে আসবে। ফলে তারা বেশি সংখ্যক ভোটারকে কেন্দ্রে আনার দিকেই গুরুত্ব দেবে।

মাসুদ কামালের মতে, নির্বাচনে কিছু উত্তেজনা থাকলেও তা বড় ধরনের সহিংসতায় রূপ নেবে না এবং দেশের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি মনে করেন না।

আলোচনার এক পর্যায়ে তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের কার্যকর ক্ষমতা ও নিয়ন্ত্রণও যথেষ্ট দুর্বল বলে প্রতীয়মান হচ্ছে।

এমবি এইচআর