ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন হাদী

নিজ নির্বাচনী এলাকায় জনতার প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Dec 8, 2025 - 14:41
 0  2
ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় অংশ নিতে বরিশাল যাচ্ছেন হাদী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নিজ নির্বাচনী এলাকায় জনতার প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুর ১টার দিকে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দেয় স্থানীয় জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে স্থানীয় ছাত্রদল ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী। তিনি জানিয়েছেন, ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার চেষ্টা করা হয়েছে এবং এর প্রতিবাদ হিসেবে তিনি ফুয়াদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল যাবেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাবুগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে লক্ষ্য করে অশালীন আচরণের চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

জানা যায়, অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন স্থানীয়রা চাঁদা চাওয়ায় সেতুর কাজ বিলম্বিত ছিল। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ জানায়। বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, ফুয়াদ স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছেন—যা অনভিপ্রেত ও ভিত্তিহীন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এমবি এইচআর