ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন চেয়ে বক্তব্য দিয়েছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন চেয়ে বক্তব্য দিয়েছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের কথা বিবেচনায় নিয়েও তাকে জামিন দেওয়া উচিত। জামিন মানে দায়মুক্তি নয়, বিচার প্রক্রিয়া চলমান রেখেই তাকে মুক্তি দেওয়া যেতে পারে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি প্রশ্ন তোলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রকৃতি কী এবং তিনি আসলে কোনো হত্যাকাণ্ডে জড়িত কি না। তার ভাষায়, “এটা কি আওয়ামী লীগ করার কারণে এত দিন আটক, নাকি তিনি সত্যিই কোনো হত্যাকাণ্ডে জড়িত?”
তারেক রহমান আরও বলেন, সরাসরি হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকেই জামিনে মুক্ত অবস্থায় রয়েছেন। তাহলে শুধুমাত্র অতিরিক্ত পরিচিত হওয়ার কারণেই কি সুমনকে আটকে রাখা হয়েছে—এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি উল্লেখ করেন, অতীতে তিনি ব্যারিস্টার সুমনের সমালোচনা করলেও, যদি তিনি হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তার মুক্তি পাওয়া উচিত। তার মতে, যদি তিনি গুরুতর অপরাধে জড়িত থাকতেন, তাহলে আগেই দেশ ছেড়ে বিদেশে চলে যেতেন।
আমজনতার দলের এই নেতা বলেন, তিনি যদি আইনজীবী হতেন, তাহলে আদালতে সুমনের পক্ষে লড়াই করতেন। একই সঙ্গে তিনি জানতে চান, কোন ঘটনার জন্য বা কার হত্যার দায়ে সুমন বর্তমানে কারাগারে রয়েছেন।
শেষে আবারও তিনি বলেন, ব্যারিস্টার সুমনের নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় তার জামিন হওয়া উচিত, তবে বিচার অবশ্যই চলতে হবে।
এমবি এইচআর

