৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রীর বাসভবন এখনো চূড়ান্ত নয়

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Feb 16, 2026 - 15:44
 0  2
৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রীর বাসভবন এখনো চূড়ান্ত নয়
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানেই তার বাসভবনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুতকৃত ৩৭টি বাড়ি রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান এলাকায় অবস্থিত। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের কাজ চলছে এবং শপথের সময়ের মধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া এই সরকার গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনকাল পরবর্তী সময়ে দেশকে নতুন গতিপথে নেওয়ার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্ধারিত ৩৭টি বাসার কয়েকটিতে বর্তমানে উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে সেগুলো নতুনদের জন্য প্রস্তুত করা হবে।

নির্বাচনের আগেই নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন খোঁজার কাজ শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য স্থান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলানগরের সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। তাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এমবি এইচআর