প্লট জালিয়াতি: জয়–পুতুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড
সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ রায় ঘোষণা করা হয়। একই ধরনের তিন মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বেলা ১১টা ২৩ মিনিটে রায় পাঠ শুরু হয়। আদালত সূত্র জানায়, গত ৩১ জুলাই এই মামলাগুলোর বিচারকাজ শুরু হয়। তিনটি মামলায় মোট ৯১ জনের সাক্ষ্য গ্রহণ হয়। তবে শেখ হাসিনার পরিবার ছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম একমাত্র কারাগারে ছিলেন, বাকিরা পলাতক।
মামলাগুলোতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়। প্লট বরাদ্দের সময় ক্ষমতার অপব্যবহার, বিধিমালা লঙ্ঘন এবং তথ্য গোপনের অভিযোগ আদালতে তুলে ধরা হয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তাঁর সন্তান জয়–পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার দুই সন্তানের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব বরাদ্দের সময় রাজউকের নিয়ম-কানুন উপেক্ষা করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
২০২২ সালে এসব প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয় এবং পরবর্তী সময়ে মালিকানা রেজিস্ট্রি সম্পন্ন হয়। অভিযোগের ভিত্তিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে। তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন উপাদান উল্লেখ করা হয়।
পলাতক আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেলেও কারাগারে থাকা খুরশীদ আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
এমবি এইচআর

