জানাজার ভিড়ে অসুস্থ হয়ে প্রাণ গেল পটুয়াখালীর এক ব্যক্তির
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজা চলাকালে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে থেকেই মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাকির সৃষ্টি হয়। সে সময় নিরব হোসেন মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিড়জনিত কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমবি এইচআর