স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় তদন্ত শুরু, মামলা দায়ের
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এদিকে নিহত মুছাব্বিরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে। আজই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম।
প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের গলিতে বাড়ি ফেরার পথে আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুছাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে পালানোর চেষ্টা করলে আবারও হামলা চালানো হয়। এ সময় তার মোবাইল ফোন পড়ে গেলে দুর্বৃত্তরা সেটি নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমবি এইচআর

