ঢাকা–২ আসনে জামায়াতের প্রার্থী আবদুল হকের মনোনয়নপত্র বাতিল
ঢাকা–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।
এদিন একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন যাচাই–বাছাই সভায় রিটার্নিং কর্মকর্তা জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে দেখা গেছে, কর্নেল (অব.) আবদুল হক একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। এ বিষয়ে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য সিআইবি থেকে দাখিল না করায় তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়নি।
এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য জমা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন রিটার্নিং কর্মকর্তা। এসব কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে কর্নেল (অব.) আবদুল হক বলেন, ২০১২ ও ২০১৩ সালে একটি পারিবারিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। পরে ওই প্রতিষ্ঠানে অনিয়ম দেখতে পেয়ে তিনি পদত্যাগ করেন এবং সে সংক্রান্ত নথি তার কাছে রয়েছে। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা–২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এই আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও বাকি দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এমবি এইচআর

