চা-বিস্কুট খাইয়ে জামাইকে হত্যা, শ্বশুর পলাতক
পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (৪০)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্ত শ্বশুরের নাম শান্তি চন্দ্রশীল (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ তার শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গয়না ফেরত চান। প্রথমে শান্তি চন্দ্রশীল চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করলেও পরে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে শান্তি চন্দ্রশীল মাটিকাটার কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর শান্তি চন্দ্রশীল, তার মেয়ে মনিকা দাস ও পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/টিআই

