পটুয়াখালীর রাঙ্গাবালীতে একই ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ, রহস্য জড়ানো চিরকুট
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উত্তর চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক মর্মান্তিক ঘটনায় একই ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামী রাকিব প্যাদা (৩০) ও স্ত্রী সোহাগী বেগম (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উত্তর চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক মর্মান্তিক ঘটনায় একই ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামী রাকিব প্যাদা (৩০) ও স্ত্রী সোহাগী বেগম (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবি, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে একটি ‘সই করা’ চিরকুট উদ্ধার হওয়ায় রহস্য আরও গভীর হয়েছে। পুলিশ চিরকুটের বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রাকিবের ঘর থেকে সন্দেহজনক শব্দ পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে মরদেহ নামিয়ে নেয়। নিহত দম্পতির ৭ বছরের ছেলে ঘরের বাইরে খেলছিল বলে পরিবার জানায়।
চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোশাররফ হোসেন বলেন, গলায় ফাঁসের দাগ স্পষ্ট, তবে তারা মরদেহ নামিয়ে ফেলার আগে পুলিশ পৌঁছায়নি।
স্থানীয়রা বলছেন, দম্পতির সংসারে বড় ধরনের ঝামেলার কোনো খবর ছিল না, যদিও কিছুদিন ধরে অশান্তির গুঞ্জন ছিল। চিরকুটে স্বামী-স্ত্রীর স্বাক্ষর থাকলেও এর বিষয়বস্তু গোপন রাখা হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘চিরকুট ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এমবি এইচআর

