কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা পর্যটন ব্যবসায়ীদের

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের প্রতিবাদে সব হোটেল-মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সিদ্ধান্ত জানানো হয়।

Oct 25, 2025 - 16:42
 0  4
কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা পর্যটন ব্যবসায়ীদের
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের প্রতিবাদে সব হোটেল-মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। শনিবার সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ব্যবসায়ীরা জানান, আগামী সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই বন্ধের কার্যক্রম শুরু হবে। কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং অন্যান্য সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, গত ৮ অক্টোবর পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম কুয়াকাটার একটি হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভ্যাট কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তারা হোটেলের ম্যানেজারের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং হোটেল মালিককে নিয়ে অশালীন মন্তব্য করেন।

এ ঘটনার পর ব্যবসায়ীরা অভিযোগ করেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা জামিউল আলমকে কুয়াকাটা থেকে দ্রুত অপসারণের দাবি জানান। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা।

অভিযোগের বিষয়ে জামিউল আলম জানান, ঘটনাটি তদন্তাধীন থাকায় তিনি এ মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নন।

এদিকে, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং পর্যটনের স্বার্থে দ্রুত সমাধানের জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এমবি এইচআর