মঙ্গলবার এমপিদের শপথ, আজই চিঠি পেতে পারে ইসি

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সংক্রান্ত চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Feb 15, 2026 - 12:49
 0  1
মঙ্গলবার এমপিদের শপথ, আজই চিঠি পেতে পারে ইসি
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সংক্রান্ত চিঠি আজই পেতে পারে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, চিঠি আজই কমিশনের হাতে পৌঁছাতে পারে এবং সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, একইদিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তারেক রহমান-এর নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।

এমবি এইচআর