সংবিধান অনুযায়ী যেভাবে গঠিত হবে নতুন সরকার

বৃহস্পতিবার দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

Feb 14, 2026 - 15:59
 0  1
সংবিধান অনুযায়ী যেভাবে গঠিত হবে নতুন সরকার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সংখ্যাগরিষ্ঠ দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়া এখন সময়ের ব্যাপার। তবে তার দায়িত্ব গ্রহণের আগে সংবিধান নির্ধারিত কয়েকটি আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ এবং শপথ অনুষ্ঠান। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান ঘটবে এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হবে।

সংসদ সদস্যদের শপথ
নির্বাচনের ফলাফল ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হবে।

সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে শপথ পাঠ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে সংবিধানের ১৪৮(২)(ক) অনুচ্ছেদে বলা আছে, নির্ধারিত ব্যক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ
সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি সেই দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন, যারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন—অর্থাৎ ১৫১ বা তার বেশি আসনে জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সংসদের আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পাবেন।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং তার পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ প্রদান করবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তাদের দায়িত্ব কার্যকর হবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, শপথ গ্রহণের অব্যবহিত পরই সংশ্লিষ্ট ব্যক্তি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। এর মাধ্যমেই পূর্ববর্তী সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এমবি এইচআর