গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসঙ্গেই ঘোষণা : ইসি

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল একসঙ্গেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট গণনা পৃথকভাবে হলেও দুইটি প্রক্রিয়া পাশাপাশি চলবে।

Jan 26, 2026 - 15:14
 0  2
গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসঙ্গেই ঘোষণা : ইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল একসঙ্গেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট গণনা পৃথকভাবে হলেও দুইটি প্রক্রিয়া পাশাপাশি চলবে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যাঁরা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাঁদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো শুরু হয়েছে। এই তালিকায় রয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা আলাদা হলেও একসঙ্গেই চলবে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

তিনি ব্যাখ্যা করে বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয় এবং প্রতিটি কেন্দ্র অনুযায়ী একজন করে রিটার্নিং অফিসার ভোট গণনা করেন। কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট ব্যালট একত্রে গণনা করা হয়।

এক্ষেত্রে কোনো কোনো জেলায় পোস্টাল ব্যালটের সংখ্যা পাঁচ-ছয়টি বা তারও বেশি কেন্দ্রের সমপরিমাণ হতে পারে। ফলে একজন রিটার্নিং অফিসারের পক্ষে ওই বিপুল সংখ্যক ব্যালট গণনা করতে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগবে বলে জানান তিনি।

আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ করলে সেটি ব্যুরোক্রেটিক চ্যানেলে পাঠাতে এক থেকে তিন দিন সময় লাগে। এই সময়ের মধ্যে অনেক ক্ষেত্রে অভিযোগের গুরুত্ব কমে যায়।

তিনি আরও বলেন, একই অভিযোগ ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরাসরি জানালে দ্রুত নিষ্পত্তি সম্ভব। এজন্য যেখানে আচরণবিধি ভঙ্গের ঘটনা দেখা যাবে, সেখানে সংশ্লিষ্ট কমিটি বা রিটার্নিং অফিসারকে জানাতে হবে এবং একটি কপি নির্বাচন কমিশনে পাঠাতে হবে। এতে কমিশন বিষয়টি দ্রুত ফলোআপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এমবি এইচআর