মহাক্ষমতার পথে আসিম মুনির, পাকিস্তান কোন পথে?
নিজের ক্ষমতা আরও পোক্ত করলেন আসিম মুনির। এবার তাকে টানা পাঁচ বছরের জন্য পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নিজের ক্ষমতা আরও পোক্ত করলেন আসিম মুনির। এবার তাকে টানা পাঁচ বছরের জন্য পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ফিল্ড মার্শাল মুনিরকে এ পদে নিয়োগ দেন। ঠিক সেখানেই প্রশ্ন ওঠে—জেনারেল থেকে ফিল্ড মার্শাল, এরপর প্রতিরক্ষা বাহিনীর প্রধান—এ যেন চোখের পলকে ক্ষমতার শিখরে পৌঁছে যাওয়া। মুনির কি ধীরে ধীরে পাকিস্তানের অঘোষিত সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠছেন?
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুনিরকে চিফ অব আর্মি স্টাফ (COAS) এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস (CDF) পদে নিয়োগের সুপারিশ করেছিলেন। প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার এক্সে জানায়, সেই সুপারিশই অনুমোদিত হয়েছে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, মুনিরের হাতে আরও ক্ষমতা দেওয়া নিয়ে শাহবাজ শরিফের সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে নতুন পদে বসানো হলো।
পাকিস্তানে প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ দিতে সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল গত সপ্তাহেই। সেদিনই সেনাপ্রধান হিসেবে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়। সামরিক বাহিনীর কমান্ড আরও কেন্দ্রীভূত করতে সম্প্রতি পাস হওয়া পাকিস্তানের ২৭তম সংশোধনীতে সিডিএফ পদটি সৃষ্টি করা হয়।
এদিকে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদও দুই বছর বাড়িয়েছেন। আগামী বছরের ১৯ মার্চ থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। এর আগে ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়া জেনারেল আইয়ুব খানের পর এ বছরই দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন মুনির।
বিশ্লেষকদের মতে, মুনিরের দ্রুত উত্থান স্বাভাবিক নয়। ইমরান খানের পতন, তাকে কারারুদ্ধ রাখা, শাহবাজ–বিলওয়াল জোটকে ক্ষমতায় বসানো এবং এখন একজন জেনারেলের ফিল্ড মার্শাল হয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হওয়া—সবই যেন একই সূত্রে গাঁথা। তাদের ধারণা, পাকিস্তানে হয়তো আরও বড় কোনো রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে এসব ঘটনা।
এমবি এইচআর

