নরসিংদীতে ব্যবসায়িক প্রতিহিংসার জেরে নারী উদ্যোক্তার ওপর হামলা
মেঘনাবার্তা প্রতিনিধি: নরসিংদী বড়বাজারের কালীবাজার এলাকায় ব্যবসায়ী প্রতিহিংসার জেরে খাদিজা আক্তার (৪২) নামে এক নারী উদ্যোক্তার ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাদিজাসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের দোকান তানহা ফ্যাশনের মালিক সোহাগ হোসেন বাবু সরকার ও হিজাব হ্যাভেন এর মালিক খাদিজা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। খাদিজার দোকানে তুলনামূলক বেশি ক্রেতা আসায় বাবু সরকার ক্ষুব্ধ ছিলেন।
গত ১৯ অক্টোবর দুপুরে দোকানের এক কর্মচারীর হাসিকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবু সরকার লাঠি নিয়ে হামলা চালান। এতে খাদিজা, তার ছেলে খায়রুল আলম ও দোকানের দুই কর্মচারী আহত হন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেউ কেউ সেটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করে দাবি করে যে, “বিএনপি নেতার হামলায় জামায়াতকর্মী আহত।” তবে উভয় দলই বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে জানিয়েছেন।
খাদিজা আক্তার বলেন, “আমার দোকানে সবসময় ক্রেতা বেশি থাকে। এই বিষয়টাই পাশের দোকানদার সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক কারণ নয়— এটি শুধুই ব্যবসায়িক হিংসা।”
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, “ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এটি নিছক ব্যবসায়িক প্রতিহিংসা। আমরা উভয় পক্ষকে সমঝোতার জন্য বসতে বলেছি।”
এদিকে, নরসিংদী জেলা বিএনপি ও জামায়াতের নেতারা জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত নন এবং সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।
এমবি/এসআর

