এজাহারে নাম নেই, তবুও আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুটি মামলায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়।

Dec 4, 2025 - 14:10
 0  2
এজাহারে নাম নেই, তবুও আইভীর জামিন নামঞ্জুর
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুটি মামলায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার মামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দুটি মামলার কোনোটির এজাহারেই সাবেক মেয়র আইভীর নাম নেই। তবুও আদালত জামিন আবেদন খারিজ করেছেন। এদিকে একই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনকে আদালত পূর্বে জামিন দিয়েছেন। একই পরিস্থিতিতে অন্য আসামিরা জামিন পেলেও আইভী না পাওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অ্যাড. আওলাদ আরও বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে আরও পাঁচ মামলায় তাঁকে জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই। ইয়াসিন হত্যা মামলার অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে ইয়াসিনকে হত্যা করেন। অপর মামলায় বলা হচ্ছে, তিনি পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে আইভী ছিলেন পুলিশ কাস্টডিতে। তা সত্ত্বেও ‘পুলিশের কাজে বাধা’ মামলা দেখিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমবি এইচআর