বাংলাদেশের জনগণ চাঁদাবাজ–সন্ত্রাসকে ভোট দিতে চায় না: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, সন্ত্রাস কিংবা বিদেশে টাকা পাচারকারীদের ভোট দিতে চায় না।

Dec 9, 2025 - 19:45
 0  3
বাংলাদেশের জনগণ চাঁদাবাজ–সন্ত্রাসকে ভোট দিতে চায় না: মুফতি ফয়জুল করীম
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, সন্ত্রাস কিংবা বিদেশে টাকা পাচারকারীদের ভোট দিতে চায় না। যারা এতদিন নির্বাচন নিয়ে সরব ছিলেন, মাঠপর্যায়ের জরিপে জনপ্রিয়তা হারানোর অনুভূতি পেয়ে এখন নির্বাচন নিয়ে আর উচ্চস্বরে কথা বলছেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে—যেখানে পেশিশক্তির ব্যবহার, কালো টাকার ছড়াছড়ি কিংবা দখলদারির রাজনীতি থাকবে না। মানুষের ভোটাধিকার সুরক্ষিত রেখে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন আয়োজন করতে হবে।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, রাজনৈতিক দলগুলো একই প্ল্যাটফর্মে বসে নির্বাচনে অংশ নিক—এমন শান্তিপূর্ণ পরিবেশই জনগণ চায়। সবাই মিলেমিশে দেশের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করাই হওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যদি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন, তাহলে জনগণ ক্ষমা করবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার প্রতি তিনি আস্থা প্রকাশ করে বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমবি এইচআর