কসবার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার কুটিবাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নাজমুল হুদা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এমবি/টিআই

