পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এটিসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাজু আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশ আক্রমণ, হত্যা ও নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার ভোলাখা চক এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০-২০০ জন হামলা চালিয়ে পুলিশকে মারধর করে এবং হাতকড়া পরা রাজুকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকেই রাজু পলাতক ছিলেন।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার রাজুকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমবি/টিআই

