চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর ইকবাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Nov 11, 2025 - 16:08
 0  3
চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর ইকবাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ইকবালের বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে, যার মধ্যে ১১টি এখনো বিচারাধীন এবং ছয়টি হত্যা মামলা। ২০১০ সালে সাত বছরের কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বিদেশে চলে যান তিনি। সম্প্রতি দেশে ফিরে আবারও এলাকায় সক্রিয় হন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোহাম্মদ বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের ভিপি মজিবুর রহমান হত্যার পর থেকেই ইকবালের নাম আলোচনায় আসে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনকে ব্রাশ ফায়ারে হত্যা, রাউজানের দুই ভাই টিটু ও মিঠু, মুক্তিযোদ্ধা নিহার কান্তি বিশ্বাস, ছাত্রলীগ নেতা ইকবাল-জামিল এবং ফটিকছড়ির শ্যামল ও আমান হত্যাসহ বহু মামলায় আসামি হন তিনি।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হলেও কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তদন্তের স্বার্থে ইকবালকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

এমবি/টিআই