নিখোঁজের দুই দিন পর নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর শফিউল আলম চৌধুরী ওরফে শফি (৭০) নামে এক নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শফি ওই এলাকার একটি স্থানীয় বাজারে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।

Dec 20, 2025 - 19:25
 0  3
নিখোঁজের দুই দিন পর নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর শফিউল আলম চৌধুরী ওরফে শফি (৭০) নামে এক নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শফি ওই এলাকার একটি স্থানীয় বাজারে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশে প্রাচীরবেষ্টিত একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফি ওই ওয়ার্ডের ওয়াহেদেরখীল গ্রামের গুরা মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আমির আলী চৌধুরীর ছেলে। তিনি গত প্রায় এক বছর ধরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের স্ত্রী দিলু আরা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাতের খাবার নিয়ে তাঁর স্বামী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শুক্রবার রাতে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে সুজন নামের এক স্থানীয় ব্যক্তি একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ইসহাক চৌধুরী অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের শ্যালক মো. জসিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা এক ব্যক্তি বাজারে এসে শফির সঙ্গে ঝগড়া ও হাতাহাতিতে জড়িয়েছিলেন। ওই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাঁদের সন্দেহ। তবে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমবি এইচআর