শ্বশুরবাড়িতে মিলল বাবা-মেয়ের গলাকাটা মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Nov 12, 2025 - 12:01
 0  4
শ্বশুরবাড়িতে মিলল বাবা-মেয়ের গলাকাটা মরদেহ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—নালিতাবাড়ীর খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩৫) ও তার সাত বছর বয়সী কন্যা নুরিয়া খাতুন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রতনের স্ত্রী জুলেখা খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতন কয়েকদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভোরে ঘর থেকে তার ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে রক্তমাখা একটি ছুরি পাওয়া গেছে।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খাটের ওপর রতনের ও মেঝেতে নুরিয়ার মরদেহ পড়ে আছে। আহত স্ত্রী জুলেখাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এমবি/টিআই