ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।

Nov 19, 2025 - 13:55
 0  2
ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ঘটে এ অগ্নিসংযোগের ঘটনা। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, নিরাপত্তাকর্মীরা ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন বগির কয়েকটি সিটে আগুন জ্বলছে। হাতে কোনো সরঞ্জাম না থাকায় তারা নিজেদের জ্যাকেট পানি ভিজিয়ে আগুনের ওপর চাপ দিয়ে নেভাতে সক্ষম হন।
তিনি আরও বলেন, নিরাপত্তা সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়। পরে দেখা যায়, বগির কয়েকটি সিট আংশিক পুড়ে গেছে।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, আরএনবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে। আগুন নিয়ন্ত্রণে না এলে তা অন্য কোচ ও ইঞ্জিনে ছড়িয়ে পরিস্থিতি বিপর্যস্ত হতে পারত।

তিনি আরও জানান, রাতে নাশকতা করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রল ব্যবহার করে আগুন ধরায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এমবি/টিআই