গফরগাঁওয়ে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মানসিক অসুস্থ এক নারী নিজ কন্যা শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর একই দড়িতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Oct 24, 2025 - 15:16
 0  3
গফরগাঁওয়ে মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মানসিক অসুস্থ এক নারী নিজ কন্যা শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর একই দড়িতে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ অক্টোবর) ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পাগলা থানা পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন—বিরই গ্রামের সৌদি প্রবাসী শাহীন ও মর্জিনা বেগম দম্পতির আড়াই বছর বয়সী মেয়ে ময়না বেগম এবং তার মা মর্জিনা বেগম (২৪)।

এলাকাবাসীর বরাতে জানা যায়, মর্জিনা বেগম প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তার স্বামী শাহীন আড়াই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করেন।

ঘটনার দিন দুপুরে মর্জিনা ঘরের দরজা বন্ধ করে প্রথমে মেয়ে ময়নাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন, পরে নিজেও একই দড়িতে আত্মহত্যা করেন। পরে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পাশের কক্ষের সিলিংয়ে উঠে ঘটনাটি দেখতে পান এবং চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি এইচআর