পাবনায় অটোভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

পাবনার ভাঙ্গুড়ায় অটোভ্যানের নিচে চাপা পড়ে আমিনা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Nov 11, 2025 - 16:58
 0  2
পাবনায় অটোভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় অটোভ্যানের নিচে চাপা পড়ে আমিনা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজবাড়ির সামনে দুর্ঘটনায় আহত হয় আমিনা।

নিহত আমিনা উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আকবর আলির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আকবর আলি একটি অটোভ্যানে সিমেন্ট নিয়ে বাড়িতে আসেন। গাড়িটি চালু রেখে মাল নামানোর সময় হঠাৎ আমিনা ভ্যানে উঠে পিকআপ টান দিলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমিনা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমবি/টিআই