ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি, দনবাস দখলে রাশিয়ার নতুন অঙ্গীকার
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনের সেনারা স্বেচ্ছায় সরে না গেলে সামরিক শক্তি প্রয়োগ করেই অঞ্চলটি দখল করবে রাশিয়া।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনের সেনারা স্বেচ্ছায় সরে না গেলে সামরিক শক্তি প্রয়োগ করেই অঞ্চলটি দখল করবে রাশিয়া। ভারত সফর শুরুর আগে বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি।
পুতিন বলেন, “ইউক্রেনের সেনারা হয় এ অঞ্চল ছেড়ে চলে যাবে, নয় আমরা সামরিক কিংবা অন্য যেকোনো উপায়ে অঞ্চলটিকে মুক্ত করব।”
বর্তমানে দনবাসের প্রায় ৮৫ শতাংশই মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন। তাঁর দাবি, যুদ্ধ রাশিয়াই শুরু করেছে—তাদের পুরস্কৃত করার কোনো সুযোগ নেই।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে—এর মধ্যে রয়েছে ক্রিমিয়া, গোটা লুহানস্ক, দোনেৎস্কের ৮০ শতাংশ, খেরসন ও জাপোরিঝঝিয়ার প্রায় তিন-চতুর্থাংশ এলাকা। এছাড়া খারকিভ, সুমি, মাইকোলাইভ ও নিপ্রোপ্রোভস্ক অঞ্চলের ছোট ছোট অংশও রাশিয়ার নিয়ন্ত্রণে।
এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ অবসানে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোয় বৈঠক করেছে মার্কিন প্রতিনিধিদল। তবে পাঁচ ঘণ্টার বৈঠকেও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। মার্কিন পরিকল্পনার সংশোধিত সংস্করণে দনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ পুতিনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব থাকলেও রাশিয়া এতে আপত্তি জানিয়েছে।
পুতিন সাক্ষাৎকারে জানান, ট্রাম্প-দূত স্টিভ উইটকফের বৈঠকের আগেই সংশোধিত প্রস্তাবটি তিনি দেখেননি। তবে পরিকল্পনার কয়েকটি অংশ মস্কোর কাছে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন। কোন অংশে আপত্তি, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
বর্তমানে দুই দিনের ভারত সফরে আছেন পুতিন। মস্কো জানিয়েছে, শান্তি পরিকল্পনা নিয়ে এখন তারা ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
এমবি এইচআর

