সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

Dec 14, 2025 - 20:25
 0  2
সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রোববার (স্থানীয় সময়) এই হামলার ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ঘটনার পর দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, অন্তত দুই বন্দুকধারীর একজন নিহতদের মধ্যেই রয়েছেন।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, গুলির ঘটনায় আহত প্রায় এক ডজন মানুষকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ ঘটনাটিকে ‘স্তম্ভিত ও মর্মান্তিক’ বলে উল্লেখ করে বলেন, জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে আছেন এবং প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তিনি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এক বিবৃতিতে বলেন, হনুকা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে সমুদ্রে যাওয়া ইহুদিদের ওপর ‘ঘৃণ্য সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় উপাসনালয়, ভবন ও যানবাহনে একাধিক ইহুদিবিরোধী হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এই গুলির ঘটনায় ‘মর্মাহত’ হওয়ার কথা জানিয়ে বলেন, গত দুই বছরে অস্ট্রেলিয়ার রাস্তায় ইহুদিবিরোধী তাণ্ডব ও উসকানিমূলক স্লোগান ছড়ানোর যে প্রবণতা দেখা গেছে, এটি তারই ভয়াবহ পরিণতি।

বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে ভরা থাকে, বিশেষ করে উষ্ণ সপ্তাহান্তের সন্ধ্যায়।

অস্ট্রেলিয়ান জিউয়ারির এক্সিকিউটিভ কাউন্সিলের সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, ‘যদি আমাদের উদ্দেশ্য করে এভাবে হামলা চালানো হয়ে থাকে, তবে এটি এমন মাত্রার ঘটনা—যা আমরা কেউ কল্পনাও করিনি। এটি ভয়াবহ।’ তিনি জানান, হামলায় তার একজন গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দ ও পুলিশ সাইরেনের মধ্যে সৈকত ও আশপাশের পার্ক থেকে মানুষকে দিগ্বিদিক ছুটতে দেখা যায়। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে ভারী অস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়; পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে অস্ত্র কেড়ে নেন। আরেক ভিডিওতে একটি পথচারী সেতু থেকে গুলি চালানোর দৃশ্য দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং হামলার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এমবি এইচআর