খুলনায় পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

খুলনায় একদিনে ঘটেছে তিনটি হৃদয়বিদারক ঘটনা।

Oct 21, 2025 - 18:14
 0  3
খুলনায় পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
খুলনায় একদিনে ঘটেছে তিনটি হৃদয়বিদারক ঘটনা। ফুলতলায় গলা কেটে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে, তেরখাদায় প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হয়েছে নবজাতকের মরদেহ, আর রূপসায় ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই যুবক।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারি পাড়া মোড়ে নিজ বাড়ি থেকে আছিয়া বেগম (৩২) নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া স্থানীয় শহীদ মোল্লার স্ত্রী।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হোসেন কাজী নামের এক যুবককে বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে আটক করেছে পুলিশ।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে।”

অন্যদিকে, তেরখাদা উপজেলার শেখপুরা মধ্যপাড়ায় মঙ্গলবার ভোরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদের পাশে পড়ে থাকা বস্তা খুলে দেখেন ভেতরে নবজাতকের মরদেহ।

তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে ফেলে যায়। নবজাতকের বয়স আনুমানিক এক দিন। পরিচয় শনাক্ত না হলে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।”

এদিকে, রূপসা উপজেলার আইচগাতী দেয়াড়া বটতলা এলাকায় সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন দুই যুবক—ইউনুস সরদার সাগর (৩২) ও শাহিন শেখ (২৮)।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

একদিনে খুলনার তিনটি মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

এমবি/টিআই