খুলনা কারাগারে কয়েদিদের দু’গ্রুপের সংঘর্ষ
খুলনা জেলা কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃখুলনা জেলা কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন ও পলাশ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অন্তত পাঁচজন বন্দি আহত হন। ঘটনাস্থলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কারারক্ষীরা। ঘটনার পর কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপ ও কালা লাবলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে অংশ নেয় দুই গ্রুপের প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি। এতে গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, হিরন, রুহান এবং পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত ও মইদুলসহ অন্তত পাঁচজন আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারারক্ষী জানান, বন্দিদের অনেকেই এখন বেপরোয়া আচরণ করছেন এবং কারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করছেন। দীর্ঘদিন কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।
খুলনা জেলা কারাগারের কারা সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, “শনিবার বিকেলে নতুন জেলা কারাগার মাঠে আমাদের ক্রীড়া অনুষ্ঠান চলছিল। বিকেল পৌনে ৫টার দিকে কারা অভ্যন্তরে কয়েদিদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘণ্টা বাজানো হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে কারাগারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।”
তিনি আরও জানান, যারা সংঘর্ষে জড়িত তাদের অধিকাংশই যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছে। বাইরের দ্বন্দ্বের জের ধরে কারাগারের ভেতরে এ সংঘর্ষ হয়েছে।
এদিকে সংঘর্ষ চলাকালে কিছু বন্দি কারারক্ষীদের ওপর হামলার চেষ্টাও করে বলে জানা গেছে। পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের পৃথক লকারে স্থানান্তর করা হয়।
এমবি/টিআই

