জবিতে প্রশাসনিক ভবনের ফটক আটকালো ছাত্রদল সমর্থিত প্যানেল
বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেল। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিবের নেতৃত্বে কর্মসূচি শুরু হয়। এতে প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা জানান, অনেক শিক্ষার্থী থাকার জায়গার অভাবে সিঁড়ির নিচেও স্থান চাইতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, “আমরা অনশন করেছি, লংমার্চ করেছি। সরকারের অনুমোদন থাকলেও প্রশাসন নানা অজুহাতে এখনো সম্পূরক বা আবাসন বৃত্তি দিচ্ছে না। প্রতিবার বৈঠকের নামে সময় নষ্ট করে শেষে কিছুই হাতে দেয় না। তাই জানুয়ারির মধ্যেই প্রতিটি শিক্ষার্থীর ন্যায্য বৃত্তি নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি।”
এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, নভেম্বরে আবাসন ভাতা প্রকাশের কথা থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও তালিকা প্রকাশ হয়নি। তিনি বলেন, “প্রশাসন জকসুর অজুহাত দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি— আবাসন ভাতা প্রদানই প্রথম অগ্রাধিকার হতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ভাতা শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। জকসু গুরুত্বপূর্ণ, কিন্তু আবাসন মৌলিক অধিকার— দুটো কাজই দ্রুত সম্পন্ন করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে প্যানেলের মাশফিক রাইন, অনিক কুমার দাস, সাদিয়া সুলতানা নেলী, অপু মুন্সি, আরিফুল ইসলাম, সুলতান শুভ, রিয়াসাল রাকিব, ইমরান হোসেন ইমন, আজিজুল ইসলাম আকাশ, মাহিদ হাসানসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।
এমবি এইচআর

