জগন্নাথ হলে যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্র মুছে ফেলা নিয়ে বিতর্ক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সড়কে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ব্যঙ্গাত্মক ছবি আঁকা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সড়কে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ব্যঙ্গাত্মক ছবি আঁকা হয়। ‘চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে জগন্নাথ হল সংসদের উদ্যোগে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়কের মেঝেতে এসব প্রতিকৃতি আঁকেন শিক্ষার্থীরা। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ছবিগুলো মুছে ফেলা হয়।
শিক্ষার্থীদের দাবি, নিরাপত্তার দোহাই দিয়ে হল প্রশাসন ছবিগুলো মুছে দিয়েছে। তবে হল প্রশাসনের বক্তব্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই এগুলো অপসারণ করা হয়েছে।
হল সংসদের ভিপি পল্লব বর্মণ বলেন, মুক্তিযুদ্ধে জগন্নাথ হল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ ডিসেম্বর এই হলের বহু শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করা হয়। সেই স্মরণে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদী অনুভূতি থেকে এসব ছবি এঁকেছিল। তিনি অভিযোগ করে বলেন, নিরাপত্তার অজুহাতে ছবিগুলো মুছে দেওয়া হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেন এবং এ বিষয়ে হল প্রশাসনের জবাবদিহি দাবি করেন।
এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাধারণ শিক্ষার্থীরা ছবিগুলো এঁকেছিল। অনুমতি নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রদর্শনের জন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ছবিগুলো মুছে দেওয়ার নির্দেশ আসে, যা তিনি পালন করেছেন। কারা অভিযোগ করেছে, তা তিনি জানেন না বলেও জানান।
এদিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, তারা কেবল জানতে চেয়েছিলেন ছবিগুলো কী—এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এমবি এইচআর

