ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-৬ আসন বাতিলের প্রতিবাদে সাধারণ জনতা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-৬ আসন বাতিলের প্রতিবাদে সাধারণ জনতা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও চরম জনদুর্ভোগ।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত মানুষ ব্যানার-প্ল্যাকার্ড হাতে কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, আদালতের রায়ে গাজীপুর-৬ আসন বাতিল জনগণের ভোটাধিকার হরণের শামিল। অন্যদিকে, একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গী কলেজগেট, স্টেশন রোড ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল।
প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এমবি/টিআই

