হাসপাতালে আটক, চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে যুবলীগ নেতার মৃত্যু
কক্সবাজারের টেকনাফে রেজাউল করিম (৩৬) নামে এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে রেজাউল করিম (৩৬) নামে এক যুবলীগ নেতা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
গত ৪ ডিসেম্বর কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় রেজাউল করিমকে আটক করে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের দাবি, তিনি আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
এর আগেও গত বছরের ২৬ নভেম্বর গভীর রাতে রেজাউল করিমকে না পেয়ে তার ১৪ বছর বয়সী ছেলে রাফিকে আটক করে গ্রেপ্তার দেখায় টেকনাফ থানা পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। আদালতের নির্দেশে ৯ দিন কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পায় স্কুলছাত্র রাফি।
তখন পরিবার অভিযোগ করেছিল, রেজাউলকে না পেয়ে তার ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয় এবং ‘বাবাকে ক্রসফায়ার দেওয়া হবে’ বলে ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।
পরিবার জানায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে র্যাব তাকে আটক করে। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে টেকনাফ থানা সূত্র।
এমবি এইচআর

